প্রায় ২০ বছর পর দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (১৬ মার্চ) তিনি জেলার কাহারোল উপজেলায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সফরে নানা-নানি সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারতও করবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় যাবেন। কাহারোলে পৌঁছে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরে যাবেন। সেখানে তিনি শেখ ফরিদপুর কবরস্থানে গিয়ে তাঁর নানা ইসকেন্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউজ মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সফর শেষে রাত ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা জুড়ে বিভিন্ন স্থানে সাজসজ্জা এবং প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুরের সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। শহরের বালুবাড়ী এলাকায় তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান। শৈশব ও কৈশোরের একটি সময়ও তিনি এই অঞ্চলে কাটিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

