দেশজুড়ে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে আর কোনো রেশনিং বা সীমাবদ্ধতা থাকছে না। আজ রবিবার (১৫ মার্চ) থেকে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দেওয়ায় সরকার অস্থায়ীভাবে জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ কয়েকটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করেছিল।
তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যে আমদানি করা কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দর-এ এসে পৌঁছেছে। এর ফলে সরবরাহ পরিস্থিতি উন্নত হওয়ায় সরকার পূর্বের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় জানায়, সামনে ঈদ উপলক্ষে মানুষের ভ্রমণ বাড়বে এবং একই সময়ে বোরো ধান চাষের কাজও চলছে। এসব প্রয়োজন বিবেচনায় নিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণকেন্দ্র থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা যাবে। এর ফলে পরিবহন, কৃষি এবং সাধারণ ভোক্তারা আগের মতোই জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

