বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষার কাঠামো ও সিলেবাস চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২০২৬ সালের জন্য নির্ধারিত এই নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের মাধ্যমে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে একই ধরনের কিছু সাধারণ বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এসব বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) থেকে প্রতিটিতে ১০ নম্বর করে প্রশ্ন থাকবে।
এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি অংশে ৫ নম্বর এবং সাধারণ জ্ঞান—যার মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি অন্তর্ভুক্ত—থাকছে আরও ৫ নম্বর। প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ১০ নম্বর করে বরাদ্দ রাখা হয়েছে। তবে শিক্ষা বিভাগের ধরন অনুযায়ী কিছু বিশেষায়িত বিষয়ও যুক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘শিক্ষা ব্যবস্থাপনা’ থেকে ২০ নম্বর থাকবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষাসংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থেকে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আল-কুরআন, হাদিস ও ফিকাহসহ সংশ্লিষ্ট ধর্মীয় বিষয়ে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
নতুন সিলেবাসে সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক জাতীয় বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলন, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রম এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আইসিটি অংশেও যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর কিছু বিষয়। যেমন—ই-নথি ব্যবস্থাপনা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার।
প্রশ্নের ধরন নির্ধারণেও একটি নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। মোট প্রশ্নের মধ্যে ৪০ শতাংশ হবে জ্ঞানভিত্তিক, ৩০ শতাংশ অনুধাবনভিত্তিক, ২০ শতাংশ প্রয়োগভিত্তিক এবং বাকি ১০ শতাংশ থাকবে উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য।
এ ছাড়া প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অংশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিধিমালা, এমপিও নীতিমালা এবং বাজেট প্রণয়নসংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা এনটিআরসিএর সরকারি ওয়েবসাইট থেকে পূর্ণাঙ্গ সিলেবাস ও প্রয়োজনীয় নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।

