ব্যবসায়ীদের সুবিধার্থে ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ মার্চের পরিবর্তে এখন ২৯ মার্চ পর্যন্ত করা হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামনে আসন্ন ঈদুল ফিতর ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকছে। একই সঙ্গে অনলাইন ভ্যাট দাখিল ব্যবস্থার ধীরগতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব কারণেই করদাতাদের অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজস্ব বোর্ড জানিয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সময় বাড়ানো হয়েছে। এর ফলে ব্যবসায়ী ও করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য আরও দুই সপ্তাহের বেশি সময় পাবেন। এনবিআর আশা করছে, বাড়তি সময়ের সুযোগে করদাতারা নির্ধারিত নিয়ম অনুযায়ী সহজে ও সঠিকভাবে তাঁদের রিটার্ন জমা দিতে পারবেন।

