বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
নতুন গাইডলাইনে সর্বোচ্চ ঋণসীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অনিরাপদ ঋণের সীমাও দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে এই সীমা ছিল ১০ লাখ টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ টাকা।
গতকাল রোববার (১৫ মার্চ) জারি করা এই নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বেড়েছে। অনেক গ্রাহক এখন নগদ অর্থ বহনের পরিবর্তে পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন।
এই পরিবর্তিত বাস্তবতায় ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নতুন পরিস্থিতির সঙ্গে নীতিমালাকে সামঞ্জস্যপূর্ণ করতে পুরোনো নির্দেশনা হালনাগাদ করা হয়েছে।
নতুন গাইডলাইনে গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ডসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে দায়িত্বশীলভাবে ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকের স্বার্থ রক্ষা হয় এবং আর্থিক খাতে শৃঙ্খলা বজায় থাকে।
নির্দেশনায় ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা যাচাই, ঋণসীমা নির্ধারণের পদ্ধতি, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন নীতিমালা, বিলিং ও অর্থ আদায়ের প্রক্রিয়া, গ্রাহকের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা—এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড ব্যবহারকে ঘিরে গ্রাহকের অভিযোগ, জালিয়াতি, লেনদেন নিষ্পত্তির জটিলতা এবং বিভিন্ন বিরোধের বিষয়গুলো পর্যালোচনা করেই নতুন এই গাইডলাইন তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা মেনে ক্রেডিট কার্ড কার্যক্রম পরিচালনা করতে হবে।

