রপ্তানিকারকদের জন্য সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ পাবেন রপ্তানিকারকরা। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করা আরও সহজ ও দ্রুত হবে।
আজ সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের জন্য বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট তৈরি করতে পারবে। নতুন এই নিয়মে রপ্তানিকারকরা ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য গ্রহণের সুবিধার জন্য নিজের নামে শিপিং ডকুমেন্ট চান। সেই চাহিদা বিবেচনা করে এই নতুন ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারেন।
তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু শর্তও রয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতা বা কনসাইনি (Consignee)-এর পরিচয়ও যথাযথভাবে যাচাই করতে হবে।
ব্যবসায়ীরা নতুন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এই সুবিধা রপ্তানিকারকদের বিশ্ববাজারে ব্যবসা সহজ করবে। একই সঙ্গে ক্রেতাদের চাহিদা পূরণে নমনীয়তা বাড়বে এবং রপ্তানি আয়ের দেশে প্রত্যাবর্তন সময়মতো নিশ্চিত হবে।

