ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ—এই দুই দিন দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে অফিস কার্যক্রম চলবে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি রাখা হবে।
এর আগে ১০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ঈদ উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল নিষ্পত্তি নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-অধ্যুষিত এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব শাখায় নিরাপত্তা নিশ্চিত করে সীমিত আকারে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
এ ছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

