পদ্মা ব্যাংক পিএলসির মিরপুর শাখার ঋণখেলাপি ব্যবসায়ী মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গত ১৮ ডিসেম্বর ব্যাংকের মিরপুর শাখার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা ব্যাংকের করা মেট্রো দায়রা মামলা নং-৮৩৪৩/২১ এবং সিআর মামলা নং-২৭৮/২০-এর পরিপ্রেক্ষিতে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট নং-২ গত ১৫ নভেম্বর মো. ফারুক হোসেনকে গ্রেপ্তারের আদেশ দেন। আদালতের সেই আদেশের ভিত্তিতে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মো. ফারুক হোসেন রাজধানীর বনানীর ফটো টাচ ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিওর স্বত্বাধিকারী। ব্যাংক সূত্রে জানা যায়, তার কাছে সুদে-আসলে পদ্মা ব্যাংকের পাওনা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্তের পর এবার ডুবন্ত পদ্মা ব্যাংককে টেনে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, অক্টোবর ২০২৫ পর্যন্ত ব্যাংকের মূলধন ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি, সুদ আয় ঋণাত্মক এবং তারল্য ঘাটতিসহ সব আর্থিক সক্ষমতা সূচকে অবস্থা নাজুক। স্বল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি উত্তরণের সম্ভাবনা নেই।
এই কারণে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার সুপারিশ করেছে। তবে কোন ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সুপারভিশন বিভাগ ব্যাংকটির পর্যালোচনা শেষে তা জানাবে। উল্লেখ্য, ২০১২ সালে ফারমার্স ব্যাংক প্রতিষ্ঠার সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

