সঙ্কটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একত্রিত করে গঠিত নতুন প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র জন্য ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫ চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই স্কিমে আমানতকারীদের টাকা ফেরতের সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আমানতকারীদের অর্থ নিরাপদ রাখা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এই রেজল্যুশন স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত ব্যাংকগুলো:
-
এক্সিম ব্যাংক
-
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
-
গ্লোবাল ইসলামী ব্যাংক
-
সোশ্যাল ইসলামী ব্যাংক
-
ইউনিয়ন ব্যাংক
দীর্ঘদিনের অনিয়ম, তীব্র তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো বিলুপ্ত করে নতুন ব্যাংক গঠন করা হয়েছে।
আমানতকারীরা যেভাবে টাকা পাবেন:
২ লাখ টাকা পর্যন্ত আমানত: যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই টাকা যেকোনো সময় নতুন ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।
২ লাখ টাকার বেশি আমানত: যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের টাকা কিস্তিতে পরিশোধ করা হবে।
-
প্রথম ২ লাখ টাকা যেকোনো সময় উত্তোলনযোগ্য।
-
পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ।
-
বাকি অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে।
স্থায়ী আমানত (এফডিআর) সংক্রান্ত নিয়ম:
-
তিন মাস বা তার বেশি মেয়াদের এফডিআর মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙা যাবে না।
-
তিন মাস মেয়াদি আমানত তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
-
এক থেকে দুই বছরের আমানত তিন বছর মেয়াদি হিসেবে গণ্য হবে।
-
চার বছরের বেশি মেয়াদি আমানত নির্দিষ্ট মেয়াদ শেষে উত্তোলনযোগ্য।
গুরুতর অসুস্থ, যেমন ক্যানসার বা কিডনি ডায়ালাইসিসে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক সুবিধা রাখা হয়েছে। তারা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমার বাইরে থেকেও টাকা উত্তোলন করতে পারবেন।
স্কিম অনুযায়ী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানতের প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা নতুন ব্যাংকের ‘খ-শ্রেণির’ শেয়ারে রূপান্তর করা হবে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও ট্রাস্টের কিছু আমানতও শেয়ার হিসেবে গণ্য হবে। এসব শেয়ারের বিপরীতে আমানতকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে লভ্যাংশ পাবার সুযোগ পাবে।
কেন এই রেজল্যুশন?
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এক বছরে একাধিকবার সহায়তা দেওয়া হলেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কোনো টেকসই উন্নতি হয়নি। সুশাসনের অভাব এবং উচ্চ খেলাপি ঋণের কারণে সাধারণ গ্রাহকদের আমানত ফেরত দেওয়া সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’ের আওতায় পাঁচটি ব্যাংক একত্রিত করা হয়েছে। নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক মনোনীত সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংকটির দায়িত্ব পালন করছে।

