আগামীকাল (বুধবার) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—তেও শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এ দিন আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা ও বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করা হয়।
প্রচলিত নিয়ম অনুযায়ী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকে। তবে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান থাকে। হিসাব মিলানোর জন্য ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও গ্রাহকদের কোনো লেনদেন করা সম্ভব হবে না।
ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে বা গ্রাহকের সঙ্গে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
পুঁজিবাজারেও শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হয়। তাই ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারে লেনদেনও স্থগিত থাকে। এর ফলে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ডিএসই ও সিএসই-তে শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে। তবে পুঁজিবাজারের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

