বাংলাদেশ ব্যাংক একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের জন্য বিশেষ রেজুলেশন স্কিম ঘোষণা করেছে।
স্কিম অনুযায়ী, আমানতকারীরা প্রথমে দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এরপর যাদের দুই লাখ টাকার বেশি আমানত রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুবছর সময়কালে অর্থ তোলার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদ পূর্ণ হলেও ভাঙা যাবে না। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করেছে।
পাঁচটি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এগুলো একীভূত হয়ে গঠিত হবে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য, দীর্ঘদিনের অনিয়ম, তীব্র তারল্য সংকট এবং খেলাপি ঋণের কারণে এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়েছিল। তাই আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষায় রেজুলেশন স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিস্তিতে অর্থ ফেরত:
যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত। স্কিম কার্যকরের পর যেকোনো সময় তারা তা উত্তোলন করতে পারবেন। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ হবে। দুই লাখ টাকা উত্তোলনের পর বাকি অর্থ প্রতি তিন মাসে এক লাখ করে সর্বোচ্চ দুবছর ধরে উত্তোলন করা যাবে। নির্দেশনা প্রাতিষ্ঠানিক চলতি, সঞ্চয়ী ও এসএনডি আমানতের ক্ষেত্রে প্রযোজ্য।
মেয়াদি আমানতের শর্ত:
অপ্রাতিষ্ঠানিক মেয়াদি বা শরিয়াহভিত্তিক আমানত নির্দিষ্ট সূচি অনুযায়ী পরিশোধ করা যাবে। তিন মাস মেয়াদি এফডিআর স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়ন হবে, যা এক বছরের সমতুল্য। তিন থেকে ছয় মাস মেয়াদি এফডিআর দু’বার নবায়ন হবে। ছয় মাস থেকে এক বছরের কম মেয়াদি এফডিআরও দু’বার নবায়ন হবে। এক বছরের বেশি, দুই বছরের কম মেয়াদ চার বছরে পরিশোধযোগ্য ধরা হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদপূর্তির পর তোলা যাবে। কিডনি রোগী ও ক্যানসার আক্রান্তদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হবে না।
নতুন বিনিয়োগ ও ঋণ সুবিধা:
স্থায়ী আমানতকারীরা তাদের স্থায়ী আমানতের বকেয়া স্থিতির বিপরীতে নতুন ব্যাংক থেকে বিনিয়োগ বা ঋণ সুবিধা নিতে পারবেন। সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত তারা সুবিধা গ্রহণ করতে পারবেন।
স্থায়ী আমানতের ৭,৫০০ কোটি টাকা নতুন ব্যাংকের ‘খ’ শ্রেণির শেয়ারে রূপান্তর হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতের ৭,৫০০ কোটি টাকা ‘গ’ শ্রেণির শেয়ারে রূপান্তর হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রভিডেন্ট ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি ও বিদেশি দূতাবাস ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য হবে না।
যেসব কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের কর্মী হিসেবে গণ্য হবেন। তবে চাকরির শর্তাবলি পুনর্নির্ধারণ করা হতে পারে। যদি এতে সুবিধা কমে যায়, তারা আইনি বা প্রাতিষ্ঠানিক আপত্তি তুলতে পারবেন না। চাকরি করতে অনিচ্ছুক হলে লিখিতভাবে জানাতে হবে।
নতুন ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো কর্মকর্তা ব্যাংকের স্বার্থে প্রয়োজন মনে করলে বা প্রতারণামূলক কর্মকাণ্ড ধরা গেলে যেকোনো সময় বরখাস্ত করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত এক বছরে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হলেও টেকসই উন্নতি হয়নি। সুশাসনের অভাব ও খেলাপি ঋণের কারণে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক মনোনীত সাত সদস্যের পরিচালনা পর্ষদ বর্তমানে ব্যাংকটির দায়িত্ব পালন করছে।

