বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার সম্প্রতি পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন। গত বৃহস্পতিবার হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ পদোন্নতির আদেশ প্রকাশ করা হয়।
ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি অভ্যন্তরীন অর্থনীতি উপ-বিভাগ ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কর্মরত থাকাকালীন কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামি ব্যাংকিং বিষয়ক গবেষণা পরিচালনা করেন।
২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড এ্যানালাইসিস উইং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন বিষয়ে তার ১৫টি প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে জিডিপি, মুদ্রানীতি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষি ঋণ এবং মোবাইল ব্যাংকিং।
তিনি সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ভোক্তাঋণ নিয়ে পরিচালিত গবেষণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

