ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আমানতে নতুন সাফল্যের নজির গড়েছে। ব্যাংকটির ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে আমানত তিন গুণের বেশি বেড়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালে ইউসিবির আমানতে প্রবৃদ্ধি ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা। সদ্য বিদায়ী ২০২৫ সালে সেই প্রবৃদ্ধি বেড়ে দাঁড়ায় প্রায় ১৩ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে এমন বড় উল্লম্ফন আগে কখনো দেখা যায়নি।
এই সাফল্য উদ্যাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে আয়োজন করা হয় আনন্দঘন অনুষ্ঠান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কাটেন কর্মকর্তা ও কর্মচারীরা। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরাও অনুষ্ঠানে যোগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, শুধু আমানত নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৪ সালে ব্যাংকটিতে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪ লাখ ১১ হাজার। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজারে।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার স্পষ্ট প্রমাণ। এই আস্থা যেমন গর্বের তেমনি বড় দায়িত্বেরও। তিনি বলেন, ২০২৫ সালে ইউসিবি প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের রপ্তানিতে অর্থায়ন করেছে। একই পরিমাণের কাছাকাছি আমদানিতেও অর্থায়ন দেওয়া হয়েছে। ডলারের বাজার দুর্বল থাকা সত্ত্বেও এই অর্জন ব্যাংকের শক্তি ও সক্ষমতার পরিচয় বহন করে।

