বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এ বিষয়ে একটি বিবৃতিতে সাধারণ মানুষকে সতর্ক করে বিশ্বব্যাংক জানায়, ফি বা কোনো অর্থের বিনিময়ে ব্যক্তিগতভাবে ঋণ দেওয়ার নামে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ প্রতারণামূলক।
বিশ্বব্যাংক স্পষ্ট করে বলেছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না। পাশাপাশি, তারা কারও কাছে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চায় না। এ ধরনের দাবি বা প্রস্তাব দেখলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তথ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক প্রতারক চক্র ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম, লোগো ও পরিচয় ব্যবহার করছিল। অনলাইনে কম সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
বিষয়টি ইতোমধ্যে বিশ্বব্যাংক, আইএফএডি এবং জাতিসংঘের একাধিক সংস্থা বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। এসব ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

