বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ড. মো. এজাজুল ইসলাম। ব্যাংকিং ও মুদ্রানীতি খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক নেতৃত্বের কারণে তার নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিআইবিএমে যোগদানের আগে ড. এজাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি মুদ্রানীতি বিভাগের প্রধান ছিলেন এবং মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি ও মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন তিন দশকের বেশি সময়ের। এ সময়ে তিনি দেশের মুদ্রা ও সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুদ্রানীতি ও রাজস্বনীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিগত ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।
বিশেষভাবে দেশের মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে তিনি নেতৃত্ব দিয়েছেন। ইন্টারেস্ট রেট করিডর চালু, তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
ড. এজাজুল ইসলাম দেশি ও বিদেশি রেফারিড জার্নালে ৩৫টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তার গবেষণার বিষয়বস্তু মূলত অর্থনীতি, ঋণ, দেনা, বিনিময় হার, ব্যাংকিং ও সুদের হারসহ আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক নীতি। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।
কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।

