সরকারি কর্মকর্তারা সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা পদে যোগদানের সুযোগ পাচ্ছেন। ব্যাংকটি এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ এবং পদায়নের জন্য নতুন নীতিমালা জারি করেছে।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা ২০২৬’ প্রজ্ঞাপন প্রকাশ করে। নীতিমালায় এই তিন পদে যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং বাছাই প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
এমডি পদে ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থী অবশ্যই কোনো ব্যাংকের সিইও পদে কর্মরত বা অবসরপ্রাপ্ত হতে হবে, অথবা সিইও পদে আসার আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে থাকা প্রয়োজন শরিয়াহসম্মত ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান। ব্যাংক বা আর্থিক খাতে একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমডি পদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর।
ডিএমডি পদের প্রার্থীদের কমপক্ষে ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছর। ইসলামি ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গভীর জ্ঞান বাধ্যতামূলক।
জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রয়েছে। বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তারাও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেতে পারবেন। এ পদের জন্য ন্যূনতম ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স ৬০ বছর।
নীতিমালায় তিনটি পদের জন্যই কঠোর নৈতিক ও আইনি শর্ত আরোপ করা হয়েছে। ঋণখেলাপি, আর্থিক অনিয়মে জড়িত, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনকারী বা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত প্রার্থী নিয়োগের জন্য অযোগ্য হবেন। এছাড়া তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকা বাধ্যতামূলক।
এমডি ও ডিএমডি নিয়োগের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের আলাদা কমিটি থাকবে। সাত ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব যাচাই ও অনুমোদনের পর পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে।

