দেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, নীতিগত সহায়তার অভাব, প্রযুক্তিগত দুর্বলতা এবং নিরাপত্তা ঝুঁকি প্রত্যাশিত অগ্রগতি আনতে পারছে না।
বর্তমানে এজেন্ট ব্যাংকিং শহর ও গ্রাম উভয় এলাকায় অ্যাকাউন্ট খোলা, নগদ জমা-উত্তোলন এবং ফান্ড ট্রান্সফারের মতো সেবা দিচ্ছে। এর ফলে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতায় আসতে পারছে। এটি নিম্ন আয়ের ও প্রবীণ ব্যক্তিদের, নারীদের আর্থিক সেবার আওতায় এনে নারীর ক্ষমতায়ন, যুব ও বয়স্কদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে সহায়ক হতে পারে।
তবে এজেন্ট ব্যাংকিংয়ের পুরো সাফল্য নির্ভর করছে কিছু চ্যালেঞ্জ মোকাবিলার ওপর। স্থানীয় নিয়মকানুন মেনে লাইসেন্সপ্রাপ্তি প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তার তুলনায় অনুমোদন কম দেওয়া হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতির পরিপন্থি।
এছাড়া ব্যাংকগুলো দক্ষ এজেন্ট সংগ্রহ এবং বিশ্বস্ত ও প্রশিক্ষণযোগ্য এজেন্ট নিয়োগ, তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ায় সমস্যা অনুভব করছে। নতুন এ ব্যবস্থার প্রতি গ্রাহকের সন্দেহ দূর করা এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত প্রণোদনা না থাকলে এজেন্টদের মানসম্পন্ন সেবা দেওয়ার প্রেরণা কমে যায়। পাশাপাশি সাইবার হুমকি ও জালিয়াতির ভয়ও গ্রাহকদের মধ্যে আছে, যা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা দাবি করে।
গ্রামীণ পর্যায়ে উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এনজিওগুলো যদি এজেন্ট ব্যাংকিংকে প্রতিযোগী না ভেবে দেশের উন্নয়নে সম্মিলন ঘটায়, তবে তা ইতিবাচক ফল বয়ে আনবে।
দীর্ঘমেয়াদে নিয়মিত মূল্যায়ন ও বাজারের সঙ্গে খাপ খাইয়ে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে এজেন্ট ব্যাংকিং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। এখন সময় এসেছে যুব ও প্রবীণদের সৃজনশীলতা যুক্ত করে গ্রাম-শহরের বস্তিবাসীর মধ্যে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করার।
বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নতুন ও সক্রিয় পদক্ষেপ নিতে হবে। শুধু গ্রাম থেকে আমানত সংগ্রহ করে শহুরে ব্যবসায় বিনিয়োগ নয়, বরং গ্রামেও বিনিয়োগের দিকে মনোনিবেশ করা জরুরি।

