ব্যাংকিং খাতে সংকট মোকাবিলায় রেজুলেশন ফার্ম গঠনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরির পরিকল্পনা আছে।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোক বক্তৃতায় এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব ফেলে চলা উচিত নয়। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র এবং সুশাসনের অভাবে খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। এ অর্থ হয়ত পাচারও হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে কিছু উদ্বেগ আছে। তাই কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
এর আগে ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে নতুন একটি বিভাগ গঠন করা হয়েছে। গত বছরের ২২ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

