বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য নতুন মোবাইল ফোন সুবিধার নীতিমালা অনুমোদন করা হয়েছে। এই নীতিমালার আওতায় সহকারী পরিচালক থেকে ডেপুটি গভর্নর পর্যন্ত কর্মকর্তারা প্রতি তিন বছর পরপর নির্ধারিত মূল্যের মধ্যে একটি নতুন ফোন পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি বছরের জানুয়ারিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই সুবিধা শুধু পরিচালক, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নরদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
নতুন সিদ্ধান্তের ফলে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকরাও এ সুবিধার আওতায় আসছেন। তারা সবাই তিন বছর অন্তর একবার নতুন মোবাইল ফোন পাওয়ার যোগ্য হবেন।
নীতিমালা অনুযায়ী, ফোন কেনার জন্য কোনো কর্মকর্তাকে নগদ অর্থ দেওয়া হবে না। মোবাইল ফোন সরাসরি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই সরবরাহ করা হবে।
অনুমোদিত সীমা অনুযায়ী, ডেপুটি গভর্নররা সর্বোচ্চ এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের ফোন পাবেন। নির্বাহী পরিচালকরা পাবেন এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত। পরিচালকরা ৭০ হাজার টাকা। অতিরিক্ত পরিচালকরা ৫০ হাজার টাকা। যুগ্ম পরিচালকরা ৩০ হাজার টাকা। উপ-পরিচালকরা ২৫ হাজার টাকা। সহকারী পরিচালকরা পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান বলেন, এসব ফোন কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কোষাগার থেকেই সরবরাহ করা হবে। তিনি আরও জানান, এর সঙ্গে সরকারি রাজস্বের কোনো সম্পর্ক নেই।

