ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল আর্থিক সেবা পরিচালনার জন্য একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গতকাল ২২ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত বৈঠকে সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন হওয়ার শর্তে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত সাবসিডিয়ারির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১ হাজার কোটি টাকা। প্রাথমিক পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০ কোটি টাকা। বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী এই পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়ানো হবে।
মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। অবশিষ্ট শেয়ার বাংলাদেশ ব্যাংকের এমএফএস নির্দেশনা অনুসারে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে অফার করা হতে পারে।
ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ইসলামী ব্যাংক বর্তমানে নিজস্ব মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘এমক্যাশ’ পরিচালনা করছে। এই সেবাটি ২০১২ সালের ডিসেম্বর মাসে চালু করা হয়।
মোবাইল ফোনের মাধ্যমে এমক্যাশে নগদ জমা ও উত্তোলন করা যায়। এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের সুবিধাও রয়েছে। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণ, হিসাবের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট দেখা যায়। বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল এবং মার্চেন্ট বিল পরিশোধসহ নানা ধরনের সেবাও দেওয়া হচ্ছে।

