নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সাত বছর মেয়াদী সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের নাম রাখা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সুকুক’।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটি অনুমোদনের মাধ্যমে সুকুকের নিয়ম ও শর্ত চূড়ান্ত করা হয়েছে। মোট ২৫০০ কোটি টাকা মূল্যের সুকুক নিলামের মাধ্যমে বিক্রি হবে। সুকুকের মেয়াদ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০৩৩ পর্যন্ত। বিনিয়োগকারীরা ৭ বছরে মোট ১৬৮০ কোটি টাকা আয় করতে পারবেন, যা বার্ষিক প্রায় ৯.৬০ শতাংশ।
সরাসরি নিলামে অংশ নিতে পারবেন যারা বাংলাদেশ ব্যাংকের চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রাখে। এছাড়া অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন।
নিলাম অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ফেব্রুয়ারি, সাড়ে ১২টা পর্যন্ত। নিলামের পরে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ অংশগ্রহণকারীদের ই-মেইলে জানানো হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নিলামের মাধ্যমে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অর্থায়ন নিশ্চিত করা হবে।

