ঋণসংক্রান্ত অনিয়মের কারণে সংকটে পড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করা হয়। নতুন বোর্ড গঠন করা হয়েছে ফাইন্যান্সিয়াল কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী। কেন্দ্রীয় ব্যাংক নতুন বোর্ডে পাঁচজন পরিচালক নিয়োগ দিয়েছে।
নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুখতার হোসেন। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মোহাম্মদ শাফিউল আজম, মো. নিয়ামুল কবির এবং মো. রফিকুল ইসলাম (এফসিএস)। এছাড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বোর্ডের মাধ্যমে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও উত্তরা ফাইন্যান্স ২০১৯ সালের পর থেকে নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। তবে, গত বছরের ৬ অক্টোবর কোম্পানির নিরীক্ষক ২০২০ সালের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ বাবদ কোম্পানির লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা। পরিচালন খাতে লোকসান ছিল ১০৮ কোটি ৩২ লাখ টাকা। সব ব্যয় ও কর পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৪৩৫ কোটি ৫৪ লাখ টাকা।
সেই বছরের শেষে কোম্পানির মূলধন ঘাটতি ৭১১ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে যোগ্য মূলধন ঘাটতি ৫৯ কোটি ৩৪ লাখ টাকা, এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ভিত্তিতে প্রয়োজনীয় মূলধন ঘাটতি ৬৫২ কোটি ২১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এটি দেশের এনবিএফআই খাতে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

