গত সপ্তাহে শেয়ারবাজারে আলোচনার শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। লেনদেনের পরিমাণ, শেয়ার মূল্যের বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আগ্রহ সব দিক থেকেই ব্যাংকটি নতুন উদ্যম দেখিয়েছে। সামগ্রিক বাজারে মিশ্র প্রবণতার মধ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় অবস্থান সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আশাবাদ জাগিয়েছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সামগ্রিক সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা গেছে। ঢাকাস্থ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫.৩২ শতাংশ, এবং বাজার মূলধন প্রায় ৪,৪৭৬ কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকায় পৌঁছেছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির শেয়ার মূল্য বেড়েছে, ১৪১টির কমেছে, এবং ১৭টির দাম অপরিবর্তিত ছিল। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা দাম কমার তুলনায় প্রায় দ্বিগুণ।
বাজার মূলধনের পাশাপাশি প্রধান সূচকও বৃদ্ধি পেয়েছে। ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৮০.০৭ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ বেড়েছে। ইসলামী শরিয়াহ্ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ৩৭.৬৪ পয়েন্ট বা ৩.৬৪ শতাংশ বেড়েছে। ডিএসই-৩০ সূচক ১৫.৩১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনের গতিও গত সপ্তাহে বেড়েছে। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৫৭৯ কোটি ৪২ লাখ টাকার তুলনায় ১৫.৩২ শতাংশ বেশি।
খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাত সবচেয়ে এগিয়ে ছিল। মোট লেনদেনের ২০ শতাংশ শেয়ার করেছে ব্যাংক খাত। এরপর ওষুধ ও রসায়ন খাত (১৪.৫৭%), বস্ত্র খাত (৯.৩৪%), সাধারণ বিমা (৮.৮১%) এবং প্রকৌশল খাত (৮.১১%) অবস্থান করেছে।
ডিএসইতে ছয়টি খাত বাদে বাকি সব খাতে ইতিবাচক রিটার্ন দেখা গেছে। সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে প্রকৌশল খাতে (৫.৬৬%), ব্যাংক খাতে (৩.৭৯%) এবং মিউচুয়াল ফান্ড খাতে (৩.৪০%)। নেতিবাচক রিটার্ন সবচেয়ে বেশি সাধারণ বিমা খাতে (৩.৮৯%), এছাড়া জীবন বিমা (১.৯৭%) ও টেলিযোগাযোগ (১.৪৬%) খাতেও ক্ষতি হয়েছে।
টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার দিয়ে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.২০ শতাংশ। এরপর আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ (২০ কোটি ৩৪ লাখ টাকা) ও ইসলামী ব্যাংক (১৯ কোটি ৯৭ লাখ টাকা)। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সিএএসপিআই ১.৮১ শতাংশ বেড়ে ১৪,৭৩১ পয়েন্টে এবং সিএসসিএক্স ১.৭৬ শতাংশ বেড়ে ৯,১২২ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে গত সপ্তাহে ২৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬০টির দর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ২২টির অপরিবর্তিত ছিল।

