আর মাত্র তিন দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে টাকার অপব্যবহার রোধের জন্য বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চার দিন এসব সেবা সীমিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস গ্রাহক একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। একদিনে সর্বোচ্চ লেনদেনের সংখ্যা হবে ১০টি এবং মোট দৈনিক লেনদেন ১০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যাংকের অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনও সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট বা বিল পরিশোধের নিয়ম আগের মতোই চালু থাকবে। এমএফএসের অন্যান্য সেবাও এই সময় সীমিতভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়ে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তা নিকটস্থ থানায় দ্রুত জানাতে হবে। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান নির্বাচনকালীন সময়ে অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি ও জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য নিজস্ব রেসপন্স সেল গঠন করবে। সব ধরনের লেনদেন নিবিড় পর্যবেক্ষণে থাকবে এবং সন্দেহজনক লেনদেন দ্রুত থানায় রিপোর্ট করতে হবে।
ইন্টারনেট ব্যাংকিং সেবাতেও পিটুপি লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সহযোগিতা করবে।

