দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। গত ১০ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে কার্যকর হবে। এরপর ১ এপ্রিল থেকে ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নেওয়া হবে বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমানের।
প্রাইম ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসান ও. রশিদকে দেশের আরেকটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ ১৯ এপ্রিল শেষ হচ্ছে। ২০০৭ সাল থেকে ব্যাংকটির নেতৃত্ব দেওয়া আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।
প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, “আমি অন্য একটি বেসরকারি ব্যাংকে যোগদানের প্রস্তাব পেয়েছি। তাই প্রাইম ব্যাংকের সিইওর পদ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে আগামী এপ্রিল মাসে নতুন ব্যাংকে যোগ দেব।”
প্রাইম ব্যাংক দেশের বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর মধ্যে একটি। গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে, যা ২০২৪ সালের একই সময়ের ৪৯৫ কোটি টাকার চেয়ে ২৭ শতাংশ বেশি। ১৯৯৫ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে এ ব্যাংককে শ্রেণিভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিটি শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে সাড়ে ৩৫ টাকা।

