সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও ও ছবির বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারের ঘটনাও উদ্বেগ তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব কর্মকাণ্ড জাল নোটের ঝুঁকি বাড়াচ্ছে। এতে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনা হুমকির মুখে পড়তে পারে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে আসল নোটের নকশা ও আকারের অনুরূপ ‘নমুনা নোট’ ব্যবহার করে প্রচারণা ও বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আসল নোটের চেয়েও বড় আকারের কাগজ ব্যবহার করা হচ্ছে। বাজারে আসল টাকার মতো কাগজ দিয়ে ব্যবসায়িক প্রচারের ঘটনাও নজরে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসল নোটের মতো কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার আইনত দণ্ডনীয়। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯ (৬) অনুযায়ী এ ধরনের কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা গুজব ছড়ানো সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ পরিস্থিতিতে জাল নোটের বিস্তার ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও অনুমোদনহীন প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসল নোট চিনে নিন। নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোট ব্যবহারে সচেতন থাকুন। আসল নোটের বৈশিষ্ট্য জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।

