দেশের তরুণদের দক্ষতা বাড়াতে এবং কর্মসংস্থান তৈরিতে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থায়ন নিয়ে আজ সোমবার পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে চুক্তি সই হয়েছে।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় পাওয়া যাবে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার।
পিকেএসএফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্থ পিকেএসএফের ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ প্রকল্পের অতিরিক্ত তহবিল হিসেবে যুক্ত হবে। ২০২২ সালে ২৫ কোটি মার্কিন ডলার নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। নতুন অর্থায়নের ফলে মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এতে প্রকল্পের বাজেট দাঁড়াচ্ছে ২৮ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার।
এই প্রকল্পের আওতায় চার লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি আরও চার থেকে পাঁচ গুণ মানুষ পরোক্ষভাবে সুবিধা পাবেন।
বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নের পর অবশিষ্ট অর্থ দেবে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলো। ফলে ২০২২ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রকল্পটির মোট বাজেট দাঁড়াচ্ছে ৫৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা।
পিকেএসএফ জানিয়েছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ফলে বিশেষ গুরুত্ব পাবে চরাঞ্চল, হাওর এলাকা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চল এবং পার্বত্য ও প্রত্যন্ত এলাকার তরুণরা। অনানুষ্ঠানিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গড়ে তোলা হবে ঘরভিত্তিক শিশু যত্নকেন্দ্র।
প্রকল্পের আওতায় তরুণদের বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওস্তাদ-শাগরেদ পদ্ধতিতে হাতে-কলমে কাজ শেখানো হচ্ছে। এতে তাঁদের বাস্তব দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

