রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিল মোস্তাফিজুর রহমান। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের খবর ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকাশিত হয়েছে।
বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নাবিল মোস্তাফিজুর রহমান। নতুন দায়িত্বে তিনি যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ অনুসারে তার নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
ব্যাংক ও অর্থনীতি সংশ্লিষ্ট সূত্রের মতে, নাবিল মোস্তাফিজুর রহমানের এই নিয়োগ ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা, সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখযোগ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে।

