নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন পরই নাবিল মুস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছেন। গতকাল তিনি ব্যাংকের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, “একান্ত ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়।”
তবে নাবিল মুস্তাফিজুর রহমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদে বিবেচনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত আছেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সরকারের পক্ষ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে নাবিলকে এমডি করার অনুমোদনের কথা জানিয়েছিল। চুক্তিভিত্তিক এই নিয়োগ তিন বছরের জন্য করা হয়েছিল।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে পাঁচটি ইসলামী ব্যাংকের সমন্বয়ে—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের ২০ হাজার কোটি টাকা সরকার দিয়েছে, বাকি ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের শেয়ার থেকে।

