ভারতে কার্যক্রম আরও বিস্তৃত করছে দেশের বেসরকারি খাতের এবি ব্যাংক। কলকাতায় নতুন একটি শাখা খোলার অনুমোদন পেয়েছে ব্যাংকটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটির আবেদনের পর কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এই শাখা স্থাপনের অনুমোদন দেয়। নতুন শাখাটি বৈদেশিক বাণিজ্যিক বা এডি শাখা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য–সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে ১৯৯৬ সাল থেকে ভারতের মুম্বাইয়ে একটি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে এবি ব্যাংক। বিদ্যমান ওই শাখা করেসপন্ডেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ নানা ধরনের আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করছে।
ব্যাংকটির এক কর্মকর্তা জানান, মুম্বাই শাখার মাধ্যমে বাংলাদেশের ৪৭টি ব্যাংকের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু ডলার সেটেলমেন্ট সম্পন্ন হয়। পাশাপাশি ভারতীয় সরবরাহকারীদের অনুকূলে ইস্যুকৃত এলসি ব্যবস্থাপনাও সেখান থেকে পরিচালিত হচ্ছে।
দেশের বাইরে এবি ব্যাংকের আরও একটি উপস্থিতি রয়েছে হংকংয়ে। সেখানে ‘এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’ নামে তাদের নিজস্ব মালিকানাধীন একটি সাবসিডিয়ারি কার্যক্রম চালাচ্ছে।
এবি ব্যাংকের পাশাপাশি সরকারি ও বেসরকারি মালিকানাধীন আরও কয়েকটি ব্যাংকের দেশের বাইরে শাখা রয়েছে। এছাড়া কেবল রেমিট্যান্স সেবা দেওয়ার জন্য অনেক ব্যাংক বিদেশে এক্সচেঞ্জ হাউজ পরিচালনা করছে।

