মিডল্যান্ড ব্যাংক পিএলসি আজ (বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমতিয়াজ আহমেদ ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি এই সময় ব্যাংকে যোগ দিলেন যখন প্রতিষ্ঠানটি তার বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রমে নতুন গতি আনতে কাজ করছে। ইমতিয়াজ আহমেদের ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তার কর্মজীবনে তিনি শাখা ও কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন।
তার বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে কর্পোরেট ও প্রতিষ্ঠানিক ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা এবং ট্রেজারি পরিচালনা। ব্যাংক জানিয়েছে, তার নেতৃত্বে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে রপ্তানি অর্থায়ন কার্যক্রমে উন্নতি ঘটেছে এবং পোর্টফোলিওর মান বৃদ্ধি পেয়েছে।
মিডল্যান্ড ব্যাংকে যোগদানের আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র পদে কর্মরত ছিলেন। ব্যাংকিং খাতে আসার আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ক্যাপিটাল মার্কেট এবং কেপিএমজি রহমান রহমান হক-এর পেশাদার অডিট পরিবেশে কাজ করেছেন।
অর্থনীতি ও হিসাবরক্ষণে স্নাতোত্তর ডিগ্রি অর্জনকারী ইমতিয়াজ আহমেদ দেশ-বিদেশে বিভিন্ন পেশাদার প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। ব্যাংক আশা প্রকাশ করেছে, তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিগত দক্ষতা মিডল্যান্ড ব্যাংককে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

