বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে প্রস্তাবটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে নিয়োগ কার্যকর হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, প্রস্তাবিত নতুন গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন।
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে এই পরিবর্তন দেশের আর্থিক খাতে নতুন বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সব নজর চূড়ান্ত অনুমোদনের দিকে।

