ব্যাংকিং খাতে আস্থা ফেরানো ও সুদের হার কমানোকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হবে ব্যাংকিং ব্যবস্থায় বিশ্বাস পুনর্গঠন এবং শৃঙ্খলা জোরদার করা।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারেক রহমানের সরকার তাঁকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সহজ নয়। এই বাস্তবতায় দায়িত্ব গ্রহণ একটি বড় চ্যালেঞ্জ। তিনি আগে বাংলাদেশ ব্যাংকে বসে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করতে চান। এরপর ধাপে ধাপে করণীয় নির্ধারণ করা হবে।
নতুন গভর্নরের মতে, ব্যাংকিং খাতে ‘ট্রাস্ট বিল্ডিং’ এখন সময়ের দাবি। আগের গভর্নর কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি প্রয়োজন।
অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়টিও তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে। তিনি বলেন, ঋণের প্রবৃদ্ধি কমে এসেছে। এই পরিস্থিতিতে সুদের হার কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এতে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজের করণীয় প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, কথার চেয়ে কাজকে প্রাধান্য দিতে চান তিনি। আগে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তারপর ফলাফলই কথা বলবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন নতুন গভর্নর।

