ডিজিটাল লেনদেনে নিরাপত্তা ও গোপনীয়তার নতুন মানদণ্ড স্থাপন করতে প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমানভাবে উল্লেখ নেই। ফলে কার্ডের তথ্য কপি করা, স্কিমিং বা সরাসরি দেখে তথ্য সংগ্রহের ঝুঁকি কার্যত থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য অনুপস্থিত থাকায় শোল্ডার সার্ফিংসহ প্রচলিত জালিয়াতির আশঙ্কাও উল্লেখযোগ্যভাবে কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের পেমেন্ট নিরাপত্তায় এক নতুন উচ্চতা যোগ করেছে।
কার্ডসংক্রান্ত সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদভাবে সংরক্ষিত থাকে। এতে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ব্যবস্থা এবং ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডধারীরা প্রয়োজন অনুযায়ী মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।
এ কার্ডে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা। যেমন—
-
নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন
-
ব্যয়ের সীমা নির্ধারণ
-
অ্যাক্সেস ব্যবস্থাপনা
-
ডিজিটাল রিইস্যু সুবিধা
এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয়।
এই নম্বরবিহীন ডেবিট কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর বিভিন্ন অফার ও সুবিধা উপভোগ করা যাবে।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চোধুরী বলেন, “প্রাইম ব্যাংকের ৩০ বছরের পথচলা গড়ে উঠেছে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে। আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে উদ্ভাবনের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ‘নম্বরলেস কার্ড’ চালুর মাধ্যমে আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “গ্রাহকরা এখন আরও বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান। নম্বরলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”
ডিজিটাল ব্যাংকিং ও স্মার্ট পেমেন্টের যুগে এই উদ্যোগকে দেশের আর্থিক খাতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

