রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরে নিয়োগ পাওয়া ৮০১ জন কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদসহ বিস্তারিত নথি তলব করা হয়েছে।
দুদক জানিয়েছে, সিনিয়র অফিসার, অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মীর এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মূল্যায়ন খাতা এবং সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জমা দিতে হবে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ভুয়া বা জাল সনদের মাধ্যমে নিয়োগের কোনো অভিযোগ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসে থাকলে তার কপিও দিতে হবে।
শুধু প্রার্থীদের নথি নয়, ২০১৪ সালের নিয়োগের সময় দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালকদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর এবং স্থায়ী ও বর্তমান ঠিকানাও চাওয়া হয়েছে। নিয়োগের প্রতিটি ধাপে পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি এবং নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকাও জমা দিতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং গৃহ নির্মাণ ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। প্রাপ্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এম ফরিদ উদ্দিন। এই ছয় বছরে ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ সম্পন্ন হয়।

