বেসরকারি খাতের শীর্ষ ব্যাংক ব্র্যাক ব্যাংক-এ শীর্ষ পর্যায়ে পরিবর্তন এসেছে। পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল ও আহমেদ রশীদকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে উন্নীত করেছে। গত ১ মার্চ থেকে তাদের এই পদোন্নতি কার্যকর হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদোন্নতির পর মো. শাহীন ইকবাল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে কাজ চালিয়ে যাবেন। তাঁর তত্ত্বাবধানে থাকবে কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, রেমিট্যান্স ও প্রবাসী ব্যাংকিং এবং ফাইন্যানশিয়াল ইনস্টিটিউশন–সংক্রান্ত কার্যক্রম।
শাহীন ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যানশিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সার্টিফিকেশন অর্জন করেছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, শাহীন ইকবাল গত ২১ বছর ধরে ব্র্যাক ব্যাংকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং আর্থিক পণ্য উদ্ভাবনে দক্ষতা হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, আহমেদ রশীদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৯ সালের অক্টোবরে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। এরপর থেকে ব্যাংকের রিস্ক কমপ্লায়েন্স ও সম্পদের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছেন।
আহমেদ রশীদের ব্যাংকিং খাতে ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) সম্পন্ন করেছেন।

