বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারটি সরাসরি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-দের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে উদযাপন করতে হবে।
এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের সরকার নির্ধারিত প্রতিপাদ্য হলো, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে উদযাপন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক নারী দিবস যথাযথভাবে পালিত হয়।
সার্কুলারে আরও বলা হয়েছে, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য তাদের উদযাপন কর্মসূচিতে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

