ব্র্যাক ব্যাংক তার ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করতে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে এ.এস.এম. ওয়াসি নোমানকে।
নিয়োগের সঙ্গে সঙ্গে ওয়াসি নোমান ব্যাংকের প্রযুক্তি কৌশল ও ডিজিটাল উদ্ভাবন পরিচালনায় নেতৃত্ব দেবেন। তার দায়িত্বে থাকবে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উৎকর্ষ সাধন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং ভবিষ্যৎ-প্রস্তুত ব্যাংকিং সক্ষমতা গড়ে তোলা। ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে তিনি ব্যাংকের প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত সব উদ্যোগ তত্ত্বাবধান করবেন এবং এগুলোকে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সমন্বয় করবেন।
ওয়াসি নোমানের ব্যাংকিং, টেলিযোগাযোগ, আইটি সার্ভিস, অটোমেশন ও বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশি ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেন। এর আগে তিনি অ্যাকসেঞ্চার, গ্রামীণফোন, জিপিআইটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, কার্নেল সিস্টেমস ও বেক্সিমকো কম্পিউটার্সে নেতৃত্বস্থানীয় দায়িত্বে ছিলেন। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওয়াসি নোমানের নিয়োগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “প্রযুক্তি আমাদের ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল কেন্দ্রবিন্দু। ওয়াসি নোমানের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার লক্ষ্য অর্জনে এক ধাপ এগিয়ে যাবে।”
শিক্ষাজীবনে ওয়াসি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ফ্যালকনবুরি ইনস্টিটিউট থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।

