বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ডকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেওয়ার নতুন সুযোগ দিয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কেউ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে, তার বিপরীতে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন হিসেবে রেখে গ্রাহকদের ঋণ বিতরণ করতে পারবে। তবে ঋণ প্রদানের আগে ওই বন্ডকে অবশ্যই লিয়েন হিসেবে চিহ্নিত করতে হবে। ঋণের পরিমাণ বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশের বেশি হতে পারবে না। সুদসহ যে কোনো হিসাবের পরও ঋণের মূল্য বন্ডের মূল্যের চেয়ে বেশি হতে পারবে না। ঋণের মেয়াদও বন্ডের মেয়াদকে ছাড়িয়ে যাবে না। এছাড়া বন্ড কেনার জন্য ব্যাংক থেকে কোনো ঋণ নেওয়া যাবে না।
একসময় ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত ছিল শুধুমাত্র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা প্রতিষ্ঠানের জন্য। তবে করছাড় ও লাভজনক রিটার্নের কারণে এখন ব্যক্তি বিনিয়োগকারীর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এতে বিনিয়োগ করছে। এ নতুন সুযোগের ফলে তাদের বন্ডকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ পাওয়া সহজ হবে।

