বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তাকে এই পদে উন্নীত করেছে।
১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ইমতিয়াজ আহমদ মাসুম। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ প্রকল্প ও ইউনিটেও দায়িত্ব পালন করেন। ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্পে তিনি কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে পরিচালিত সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্ক।
পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

