দেশের ভোজ্যতেল বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার দুই কোটি লিটারেরও বেশি সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির চাপ বাড়ছে—এ বিষয়ে সরকার অবগত রয়েছে এবং তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যা রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারের অংশ।
আইপিএল সম্প্রচার ইস্যুতে করা প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ থাকলেও দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। তিনি স্পষ্ট করে বলেন, এই সংকটের সূত্রপাত বাংলাদেশ থেকে হয়নি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়ার প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি কোনো দয়া বা সৌজন্যের জায়গা থেকে হয়নি। তাঁর ভাষায়, মোস্তাফিজ একজন ভালো ও পরিচিত ক্রিকেটার। পুরো ঘটনায় যা ঘটেছে, সেটি দুর্ভাগ্যজনক এবং এতে কোনো দেশেরই লাভ হয়নি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের যে প্রতিক্রিয়া এসেছে, তা যথাযথ ও বাস্তবসম্মত।

