যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউর আওতায় নগদ ক্রয় চুক্তির ভিত্তিতে গমের এই চালান বাংলাদেশে এসেছে।
গতকাল সোমবার ১৯ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার থেকে সরকার বা জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। এ ক্রয় চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি এই চুক্তির অধীনে দ্বিতীয় চালান বহন করছে।
এর আগে প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।
দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

