শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একই সভায় খন্দকার শাকিব আহমেদকে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনির্বাচিত চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের পর ব্যবসা শুরু করেন। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান।
এছাড়া তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। তিনি ইলেকট্রা কনজ্যুমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড এবং ইলেকট্রা ইন্ডস্ট্রিজ লিমিটেডের পরিচালকের দায়িত্বও পালন করছেন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক। শাকিব আহমেদ ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেডের চেয়ারম্যান।
এছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের স্পনসর। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটির অংশীদার। তিন দশকের অধিক সময় ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।

