সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, জোর করে জমি দখল, কমিশন গ্রহণসহ নানা অনিয়মের মাধ্যমে এসব সম্পদ গড়ে তোলেন তিনি।
আজ বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এই তথ্য জানান। গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সিআইডির তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি এসব সম্পদ অর্জন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাবেক এই মন্ত্রী, তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলছে।

