সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগে শুধু ৫৩ জনের সাক্ষাৎকার নেওয়ায় প্রশ্ন তুলেছেন দুই আইনজীবী। তাঁরা এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। আজ সোমবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান বনি ও মশিউর রহমান।
নোটিশে আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়, হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ৩০০ জনের বেশি আবেদন জমা পড়ে। কিন্তু সাক্ষাৎকারে ডাকা হয় মাত্র ৫৩ জনকে, যা এক রহস্যজনক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে সংবিধানের সমতা ও সমান সুযোগের নীতি লঙ্ঘিত হয়েছে।
নোটিশে আরও দাবি করা হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের একজন সদস্যের স্ত্রীও এই ৫৩ জনের মধ্যে রয়েছেন, যা স্বার্থের সংঘাত তৈরি করেছে। এতে নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া নোটিশে বলা হয়েছে, ‘পতিত স্বৈরাচারের দোসরদের’ কোন ভিত্তিতে সাক্ষাৎকারে ডাকা হয়েছে, তা অস্পষ্ট। পুরো প্রক্রিয়াটি ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়। তিন দিনের মধ্যে সব আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ না করা হলে, আদালতের শরণাপন্ন হওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

