ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত ২৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) বিভাগের এসব কর্মকর্তাকে আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র কাছে পাঠানো দুদকের চিঠির বরাতে এ তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, মীর মো. শাহারুজ্জামানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম লেনদেনে ‘ডিসপিউট’ সৃষ্টি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এ একটি মামলা (মামলা নম্বর: ২২) দায়ের হয়। মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করতে তলব করা হয়েছে।
তলব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৮ জুলাই হাজির হবেন:
- এসভিপি মশিউর রহমান
- ভিপি মোহাম্মদ আমিনুল ইসলাম
- ভিপি হাবিব মাহমুদ চৌধুরী
- ভিপি কাজী রিয়াজ হোসেন
- এসএভিপি মোহাম্মদ সাইফুল হাসান
- এসএভিপি খান মোহাম্মদ জিল্লুর রহমান
- এসএভিপি বুলবুল মোরশেদ
- এসএভিপি সিকদার মুহাম্মদ লাবিবুজ্জামান
- এসএভিপি মাহবুবা আক্তার
২৯ জুলাই ডাকা হয়েছে:
- এসএভিপি জাকির মুরছালিন
- এভিপি খায়রুল কবির
- শোয়েব মোহাম্মদ
- আবদুল্লাহ আল মারুফ
- মোহাম্মদ নাজেমুল হক
- সানাউল হক
- সুমন কুমার দেব
- মুহাম্মদ জামিউল আলম
- মবিনুল ইসলাম
৩০ জুলাই হাজির হওয়ার জন্য বলা হয়েছে:
- এফভিপি ইকবাল হোসেন
- এভিপি মাহমুদুল হক
- এসইও পাপন সেন গুপ্ত
- সুমন রায়
- তানভীর আহম্মেদ
- মনজুর আহমেদ
তারা সবাই ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত। দুদক জানিয়েছে, তদন্তে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা পেতেই এ তলব। এ বিষয়ে কেউ অনুপস্থিত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

