নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ৩৩ জন জেলে আটক করা হয়েছে। এসব জালের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকালে কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে হাতিয়া স্টেশনের কোস্টগার্ড সদস্যরা চেয়ারম্যানঘাট–সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। অভিযানে দুটি নৌযান থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩৩ জন জেলেকে আটক করা হয়। অভিযানের সময় আরেকটি নৌযান ধাওয়া করলে জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

