একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৩০ জুলাই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মোবারক হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে ৮ জুলাই এই মামলায় আপিল শুনানি শুরু হয়। ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১ এই রায় দেন। মামলায় মোবারকের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয়, ১৯৭১ সালে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তিনি ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

