রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩১ জন নিহতের ঘটনায় উচ্চ আদালত বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে সকালে করা রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ও অন্যান্য বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয়। একইসঙ্গে বিমানবাহিনীর অধীনে বর্তমানে কতটি ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং এসব বিমানের রক্ষণাবেক্ষণে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—তা জানতে চেয়ে নির্দেশনা চাওয়া হয়।
রিটে আরও দাবি করা হয়, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিতে। প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি এফ–সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় ১৬৫ জন চিকিৎসাধীন আছেন বিভিন্ন হাসপাতালে।

