বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– নোয়াখালীর সুধারমপুর উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
ফকিরহাট থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজজাক মীর। তার সঙ্গে ছিলেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ তল্লাশি করে গাঁজার বড় চালানটি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওসি আবদুর রাজজাক মীর জানান, “বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

